জনগণের সংগ্রাম, বিকল্প রাষ্ট্রকাঠামো ও গণতান্ত্রিক ক্ষমতার পুনর্গঠন
বাংলাদেশের জন্য একটি মার্কসবাদী তাত্ত্বিক প্রস্তাব
সুশান্ত কুমার দাস
রাষ্ট্রের প্রশ্ন কেন মৌলিক?
কোনো সমাজের রাজনৈতিক পরিবর্তন শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় না। কারণ সরকার ও রাষ্ট্র এক জিনিস নয়। সরকার রাষ্ট্রের একটি পরিচালনাকারী কাঠামো; কিন্তু রাষ্ট্রের রয়েছে নিজস্ব প্রশাসনিক, আইনগত, সামরিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমাজের বিদ্যমান ক্ষমতা ও সম্পত্তির সম্পর্কের প্রতিফলন ঘটে। মার্ক্সবাদী রাষ্ট্রচিন্তার একটি মৌলিক উপলব্ধি হলো, রাষ্ট্র কোনো শ্রেণিনিরপেক্ষ, চিরস্থায়ী কিংবা সমাজের ঊর্ধ্বে অবস্থিত প্রতিষ্ঠান নয়। শ্রেণিবিভক্ত সমাজে রাষ্ট্রের উদ্ভব ও বিকাশের সঙ্গে শ্রেণিবিরোধ এবং সেই বিরোধ নিয়ন্ত্রণের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মার্ক্স ও এঙ্গেলস তাঁদের বিভিন্ন রচনায় রাষ্ট্রকে শ্রেণি আধিপত্যের রাজনৈতিক সংগঠন হিসেবে বিশ্লেষণ করেছেন। পরবর্তীকালে লেনিন তাঁর The State and Revolution গ্রন্থে এই ধারণাকে আরও সুসংবদ্ধভাবে তত্ত্বায়িত করেন। তিনি দেখিয়েছেন, পুঁজিবাদী রাষ্ট্রের প্রশাসনিক ও বলপ্রয়োগকারী যন্ত্রকে কেবল সরকার পরিবর্তনের মাধ্যমে জনগণের স্বার্থে পরিচালিত করা সম্ভব নয়; রাষ্ট্রক্ষমতার শ্রেণিগত চরিত্রেরও পরিবর্তন প্রয়োজন।
এই তত্ত্বের আলোকে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে বিশ্লেষণ করা এবং তার বিকল্প কাঠামোর প্রশ্ন উত্থাপন করা প্রয়োজন। আমাদের মূল বক্তব্য হলো, রাষ্ট্রের বিকল্প কোনো বিমূর্ত নকশা বা ওপর থেকে চাপিয়ে দেওয়া প্রশাসনিক সংস্কার দিয়ে তৈরি হবে না। এটি গড়ে উঠবে জনগণের শ্রেণিসংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন, সামাজিক সংগঠন এবং উৎপাদনব্যবস্থায় জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে। এই প্রক্রিয়ায় শ্রমিক, কৃষক, অনানুষ্ঠানিক শ্রমজীবী, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগোষ্ঠী, শিক্ষার্থী, নারী, পেশাজীবী, বুদ্ধিজীবী এবং জাতীয় উৎপাদনের বিকাশে আগ্রহী অন্যান্য সামাজিক শক্তির সমন্বয় ঘটবে।
মার্ক্স ও লেনিনের রাষ্ট্রচিন্তা: তাত্ত্বিক ভিত্তি
মার্ক্সের রাষ্ট্রচিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, রাষ্ট্রকে সমাজের অর্থনৈতিক ভিত্তি ও শ্রেণিসম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না।
The Communist Manifesto-তে মার্ক্স ও এঙ্গেলস আধুনিক রাষ্ট্রক্ষমতাকে বুর্জোয়া শ্রেণির সামগ্রিক স্বার্থ পরিচালনার একটি রাজনৈতিক সংগঠন হিসেবে ব্যাখ্যা করেছেন। অন্যদিকে, The Civil War in France-এ প্যারিস কমিউনের অভিজ্ঞতা বিশ্লেষণ করে মার্ক্স রাষ্ট্রক্ষমতার বিকল্প সংগঠনের কিছু মৌলিক বৈশিষ্ট্য তুলে ধরেন। নির্বাচিত ও প্রত্যাহারযোগ্য প্রতিনিধি, জনগণের কাছে জবাবদিহি, প্রশাসনিক বিশেষাধিকারের বিলোপ এবং জনগণের প্রত্যক্ষ রাজনৈতিক অংশগ্রহণ ছিল কমিউনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। লেনিন The State and Revolution-এ এই অভিজ্ঞতাকে মার্ক্সবাদী রাষ্ট্রতত্ত্বের কেন্দ্রে নিয়ে আসেন। লেনিনের বিশ্লেষণে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ:
প্রথমত, রাষ্ট্র একটি শ্রেণি আধিপত্যের যন্ত্র।
পুঁজিবাদী রাষ্ট্রের আইন, প্রশাসন ও বলপ্রয়োগকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত ব্যক্তিগত সম্পত্তি ও বিদ্যমান উৎপাদন সম্পর্কের সুরক্ষায় ভূমিকা পালন করে।
দ্বিতীয়ত, রাষ্ট্রযন্ত্রের শ্রেণিগত রূপান্তর প্রয়োজন।
শুধু রাষ্ট্রক্ষমতার অধিকারী ব্যক্তিদের পরিবর্তন যথেষ্ট নয়। রাষ্ট্র পরিচালনার প্রতিষ্ঠান, প্রশাসনিক সম্পর্ক এবং ক্ষমতা প্রয়োগের কাঠামোরও পরিবর্তন প্রয়োজন।
তৃতীয়ত, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ অপরিহার্য।
প্যারিস কমিউনের অভিজ্ঞতা থেকে মার্ক্স ও লেনিন যে শিক্ষা গ্রহণ করেন, তার একটি মৌলিক দিক হলো রাজনৈতিক ক্ষমতাকে জনগণের কাছাকাছি নিয়ে আসা এবং আমলাতান্ত্রিক বিচ্ছিন্নতা ও বিশেষাধিকারের অবসান ঘটানো। মার্ক্স ও লেনিনের রাষ্ট্রতত্ত্ব তাঁদের সময়ের ঐতিহাসিক বাস্তবতার মধ্যে বিকশিত। একুশ শতকের বাংলাদেশে এই তত্ত্ব প্রয়োগ করতে হলে নতুন সামাজিক শ্রেণিবিন্যাস, অনানুষ্ঠানিক শ্রম, করপোরেট পুঁজি, ডিজিটাল অর্থনীতি এবং বিশ্বায়িত উৎপাদনব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্রকাঠামোর শ্রেণিগত বিশ্লেষণ
বাংলাদেশের রাষ্ট্রকাঠামো বিশ্লেষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য করতে হবে: রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো এবং রাষ্ট্রের বাস্তব ক্ষমতাসম্পর্ক এক নয়। সংবিধানে জনগণের সার্বভৌমত্ব, নাগরিক অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের স্বীকৃতি রয়েছে। কিন্তু বাস্তবে অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন, প্রশাসনিক আমলাতন্ত্র, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, সম্পদ ও সুযোগের অসম বণ্টন এবং বিভিন্ন পুঁজিগোষ্ঠীর প্রভাব রাষ্ট্রের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে বিশ্লেষণ করতে হলে কয়েকটি সম্পর্ক বিবেচনা করা প্রয়োজন।
রাষ্ট্র ও বৃহৎ দেশীয় পুঁজির সম্পর্ক:
দেশীয় বৃহৎ পুঁজির একটি অংশ ব্যাংক, শিল্প, আমদানি, রপ্তানি, অবকাঠামো ও আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত। রাষ্ট্রীয় নীতি, ঋণ, লাইসেন্স, চুক্তি ও সরকারি ক্রয়ের ওপর তাদের প্রভাবের প্রশ্ন বিশ্লেষণ করা প্রয়োজন।
রাষ্ট্র ও আন্তর্জাতিক পুঁজির সম্পর্ক:
বহুজাতিক করপোরেশন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগ এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার সঙ্গে বাংলাদেশের অর্থনীতির সম্পর্ক রাষ্ট্রের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
রাষ্ট্র ও শ্রমজীবী মানুষের সম্পর্ক:
শ্রমিক ও কৃষক জাতীয় উৎপাদনের প্রধান অংশীদার হলেও রাষ্ট্রীয় নীতিনির্ধারণে তাঁদের প্রত্যক্ষ অংশগ্রহণ সীমিত। শ্রমের অনানুষ্ঠানিক চরিত্র এই রাজনৈতিক দুর্বলতাকে আরও জটিল করে।
রাষ্ট্রের আমলাতান্ত্রিক কেন্দ্রীভবন:
প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রীভবন স্থানীয় জনগণের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংকুচিত করতে পারে। ফলে জনগণ রাষ্ট্রের নীতিনির্ধারণের সক্রিয় অংশীদার না হয়ে অনেক ক্ষেত্রে নীতির নিষ্ক্রিয় গ্রহীতায় পরিণত হয়। অতএব, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর বলতে শুধু নির্বাচনব্যবস্থা সংস্কার নয়; অর্থনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার গণতান্ত্রিক পুনর্বণ্টন বোঝাতে হবে।
বিকল্প রাষ্ট্রকাঠামোর মূল ধারণা: জনগণের সংগঠিত ক্ষমতা
প্রস্তাবিত বিকল্প কাঠামোর মূল ধারণা হলো:
রাষ্ট্রক্ষমতা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন কোনো বিশেষায়িত প্রতিষ্ঠানের একচেটিয়া অধিকার হতে পারে না; তা হতে হবে সংগঠিত জনগণের গণতান্ত্রিক ক্ষমতার প্রাতিষ্ঠানিক প্রকাশ।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। জনগণের সংগঠিত ক্ষমতা মানে শুধু নির্বাচনের সময় ভোট দেওয়া নয়। জনগণকে উৎপাদন, স্থানীয় প্রশাসন, অর্থনৈতিক পরিকল্পনা, সামাজিক সেবা এবং জাতীয় নীতিনির্ধারণে নিয়মিত অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এই উদ্দেশ্যে একটি বহুতল গণতান্ত্রিক কাঠামোর ধারণা উপস্থাপন করা যায়।
বিকল্প রাষ্ট্রকাঠামোর ভিত্তি: শ্রমিক-কৃষক ও জনগণের গণতান্ত্রিক পরিষদ
একটি জনগণভিত্তিক প্রতিনিধিত্বমূলক কাঠামোর কথা ভাবতে পারি, যার প্রাথমিক ভিত্তি হবে কর্মক্ষেত্র, উৎপাদনক্ষেত্র, গ্রাম, মহল্লা ও স্থানীয় জনগোষ্ঠী। এই কাঠামোর নাম হতে পারে:
শ্রমিক-কৃষক ও জনগণের গণতান্ত্রিক পরিষদ ব্যবস্থা।
এটি হবে রাষ্ট্রের বিকল্প ক্ষমতা সংগঠনের একটি তাত্ত্বিক প্রস্তাব। এর উদ্দেশ্য হবে প্রচলিত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে তাৎক্ষণিক বাতিল করা নয়, বরং তার সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান যুক্ত করা এবং জনগণের সংগ্রামের মধ্য দিয়ে তা বিকল্প হয়ে ওঠা। এর চারটি প্রধান স্তর থাকতে পারে।
কর্মক্ষেত্রভিত্তিক শ্রমিক পরিষদ (কাঠামো)
কারখানা, শিল্পপ্রতিষ্ঠান, পরিবহন, নির্মাণ, বন্দর, কৃষি প্রক্রিয়াকরণ, সেবা খাত এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত শ্রমজীবী মানুষের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে শ্রমিক পরিষদ গড়ে উঠবে। এখানে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শ্রমিকদের সমান রাজনৈতিক মর্যাদা দিতে হবে। প্রধান দায়িত্ব:
· শ্রমিকের অধিকার ও মজুরি নিয়ে সিদ্ধান্তে অংশগ্রহণ।
· কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পরিবেশ তদারকি।
· উৎপাদন পরিকল্পনা ও উৎপাদনশীলতা বৃদ্ধির আলোচনায় অংশগ্রহণ।
· শ্রমিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব।
· শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার রক্ষা।
এই পরিষদ মালিকপক্ষের সঙ্গে যৌথ আলোচনার একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবেও কাজ করতে পারে।
কৃষক ও গ্রামীণ জনগণের পরিষদ (কাঠামো)
গ্রাম, ইউনিয়ন এবং কৃষি উৎপাদনভিত্তিক অঞ্চলে কৃষক, ভূমিহীন কৃষিশ্রমিক, মৎস্যজীবী, ক্ষুদ্র উৎপাদক ও গ্রামীণ শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
প্রধান দায়িত্ব:
· ভূমি ও কৃষিসংক্রান্ত সমস্যা নিয়ে সিদ্ধান্তে অংশগ্রহণ।
· কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও সরকারি ক্রয়ব্যবস্থা তদারকি।
· কৃষিঋণ ও উৎপাদন উপকরণের ন্যায্য বণ্টন।
· জল, বন, নদী ও স্থানীয় সম্পদ সংরক্ষণ।
· গ্রামীণ অবকাঠামো ও সামাজিক সেবা পরিকল্পনা।
স্থানীয় জনগণের গণতান্ত্রিক পরিষদ (কাঠামো)
পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও নগর অঞ্চলে জনগণের বিদ্যমান নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি শ্রমিক, কৃষক, নারী, যুবসমাজ, পেশাজীবী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। এটি স্থানীয় সরকারের এই মুহূর্তে বিকল্প নয়, কিন্তু বিকল্প হয়ে ওঠার প্রক্রিয়া; বরং স্থানীয় সরকারকে প্রকৃত অর্থে জনগণের কাছে দায়বদ্ধ করার একটি বিকশিত কাঠামো হতে পারে। এর হাতে স্থানীয় উন্নয়ন বাজেট, শিক্ষা, স্বাস্থ্য, পানি, পরিবহন, পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনায় কার্যকর ক্ষমতা থাকতে হবে।
জাতীয় শ্রমিক-কৃষক ও জনগণের পরিষদ (কাঠামো)
স্থানীয় ও উৎপাদনভিত্তিক পরিষদগুলোর প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি জাতীয় পরিষদ গড়ে উঠতে পারে। এই পরিষদ জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা, শিল্পনীতি, কৃষিনীতি, শ্রমনীতি, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি নীতির বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবে। তবে এই জাতীয় পরিষদ বিদ্যমান সাংবিধানিক নির্বাচিত জাতীয় সংসদের বিকল্প কোনো অনির্বাচিত বা একদলীয় কর্তৃত্বের প্রতিষ্ঠানে পরিণত না হয়ে, বরং তার পরিপূরক হয়ে ওঠার প্রক্রিয়া হিসেবে কার্যকর থাকা । দুটি প্রতিনিধিত্বমূলক ধারার মধ্যে সাংবিধানিক সমন্বয় প্রয়োজন:
১. সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত জাতীয় সংসদ।
২. কর্মক্ষেত্র, উৎপাদন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের ভিত্তিতে গঠিত গণতান্ত্রিক পরিষদ।
এই দুই প্রতিষ্ঠানের ক্ষমতা, দায়িত্ব ও বিরোধ নিষ্পত্তির পদ্ধতি সংবিধান দ্বারা নির্ধারিত হবে।
রাজনৈতিক নেতৃত্ব ও শ্রেণিগত মিত্রশক্তির সম্পর্কঃ
এই বিকল্প রাষ্ট্রকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এর সামাজিক ও রাজনৈতিক ভিত্তি। শ্রমিক ও কৃষক হবে এর প্রধান সামাজিক ভিত্তি। কিন্তু বাংলাদেশের বর্তমান শ্রেণিবিন্যাসের কারণে তাদের সঙ্গে আরও বিস্তৃত সামাজিক শক্তির ঐক্য প্রয়োজন।
প্রধান সামাজিক শক্তিগুলো হবে:
১. শিল্পশ্রমিক ও কৃষিশ্রমিক।
২. অনানুষ্ঠানিক ও গিগ অর্থনীতির শ্রমজীবী মানুষ।
৩. ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক।
৪. মৎস্যজীবী ও ক্ষুদ্র উৎপাদক।
৫. নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগোষ্ঠী।
৬. শিক্ষার্থী, শিক্ষক, বিজ্ঞানী ও বুদ্ধিজীবী।
৭. নারী শ্রমজীবী ও নারী অধিকার আন্দোলনের সংগঠিত শক্তি।
৮. দেশীয় শিল্প ও উৎপাদনের বিকাশে আগ্রহী জাতীয় উদ্যোক্তাদের অংশ।
৯. গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয় সার্বভৌমত্বে বিশ্বাসী অন্যান্য সামাজিক শক্তি।
তবে এই ঐক্যের মধ্যে একটি মৌলিক নীতি থাকতে হবে:
ঐক্য হবে অভিন্ন গণতান্ত্রিক ও জাতীয় অর্থনৈতিক কর্মসূচির ভিত্তিতে; কিন্তু শ্রমিক-কৃষকের স্বাধীন সংগঠন ও রাজনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ থাকবে।
জাতীয় বুর্জোয়ার সঙ্গে ঐক্য মানে তাদের শ্রেণিগত স্বার্থের কাছে শ্রমিকশ্রেণির আত্মসমর্পণ নয়। বরং জাতীয় অর্থনৈতিক স্বাধীনতা ও দেশীয় উৎপাদনের বিকাশের মতো অভিন্ন প্রশ্নে শর্তসাপেক্ষ সহযোগিতা। একইভাবে শ্রমিকশ্রেণির নেতৃত্বের অর্থ অন্য সামাজিক শ্রেণি ও জনগোষ্ঠী যারা এই রাষ্ট্র কাঠামোর রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের পরিপূর্ণ বিরুদ্ধে নয় তাদের রাজনৈতিক অধিকার অস্বীকার করা নয়।
রাষ্ট্রক্ষমতার গণতান্ত্রিক চরিত্র ও আমলাতন্ত্রের প্রশ্নঃ
মার্ক্স ও লেনিনের রাষ্ট্রচিন্তা এবং পরবর্তীকালে বিভিন্ন ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়: বিপ্লব বা রাজনৈতিক পরিবর্তনের পরও যদি পুরোনো আমলাতান্ত্রিক বিচ্ছিন্নতা ও বিশেষাধিকার অক্ষুণ্ণ থাকে, তাহলে নতুন রাষ্ট্রব্যবস্থায় পুরোনো ক্ষমতাসম্পর্ক পুনরায় ফিরে আসতে পারে। তাই বিকল্প রাষ্ট্রকাঠামোর মধ্যে কয়েকটি সুরক্ষা অপরিহার্য।
· নির্বাচিত প্রতিনিধিদের নিয়মিত জবাবদিহি।
· নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় প্রতিনিধিকে প্রত্যাহারের ব্যবস্থা।
· সরকারি কর্মচারীদের বিশেষ শ্রেণিগত সুবিধা ও অযৌক্তিক সুযোগ-সুবিধা নিয়ন্ত্রণ।
· প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা।
· স্বাধীন বিচারব্যবস্থা।
· স্বাধীন সংবাদমাধ্যম।
· বিরোধী রাজনৈতিক দলের সংগঠন ও মতপ্রকাশের অধিকার।
· রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক ও আর্থিক দুর্নীতি প্রতিরোধ।
রাষ্ট্রের বলপ্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোও সংবিধান, আইন, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক বেসামরিক কর্তৃত্বের অধীন থাকবে।
অর্থনৈতিক গণতন্ত্র: রাষ্ট্রকাঠামোর বস্তুগত ভিত্তি
কেবল রাজনৈতিক পরিষদ গঠন করলেই বিকল্প রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না। এর জন্য উৎপাদন ও সম্পত্তির সম্পর্কেও গণতান্ত্রিক পরিবর্তন প্রয়োজন। এই পরিবর্তনের কয়েকটি দিক:
কৌশলগত সম্পদের জনস্বার্থভিত্তিক নিয়ন্ত্রণঃ
জ্বালানি, প্রাকৃতিক সম্পদ, গুরুত্বপূর্ণ অবকাঠামো, পানি ও কৌশলগত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে জনস্বার্থ নিশ্চিত করতে রাষ্ট্রীয় মালিকানা, নিয়ন্ত্রণ অথবা অন্যান্য উপযুক্ত সামাজিক মালিকানার ব্যবস্থা থাকতে পারে।
সমবায়ভিত্তিক উৎপাদনঃ
কৃষি, ক্ষুদ্র শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, বিপণন ও স্থানীয় উৎপাদনে সমবায়ের বিকাশ ঘটাতে হবে।
শ্রমিকের অংশগ্রহণঃ
বড় শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের উৎপাদন পরিকল্পনা, কর্মপরিবেশ ও প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উন্নয়ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে।
পরিকল্পিত অর্থনীতিঃ
বাজারকে সম্পূর্ণ অস্বীকার না করেও জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সামাজিক প্রয়োজন, কর্মসংস্থান, পরিবেশ এবং দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতাকে কেন্দ্র করে পরিকল্পনা গ্রহণ করতে হবে।
প্রযুক্তির সামাজিকীকরণঃ
গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির সুফল যেন শুধু করপোরেট পুঁজির হাতে কেন্দ্রীভূত না হয়, তার ব্যবস্থা করতে হবে।
রাজনৈতিক দল, গণসংগঠন ও রাষ্ট্রকাঠামোর সম্পর্কঃ
এখানে একটি মৌলিক তাত্ত্বিক সতর্কতা প্রয়োজন। রাজনৈতিক দল এবং রাষ্ট্র এক জিনিস নয়। শ্রমিকশ্রেণির রাজনৈতিক দল জনগণকে সংগঠিত করতে, রাজনৈতিক চেতনা বিকশিত করতে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কর্মসূচি উপস্থাপন করতে পারে। কিন্তু রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে একটি দলের অধীনস্থ করে ফেললে জনগণের প্রত্যক্ষ ক্ষমতায়নের লক্ষ্যই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রস্তাবিত কাঠামোয়:
· রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা থাকবে।
· শ্রমিক ও কৃষকের স্বাধীন সংগঠন থাকবে।
· গণসংগঠনগুলো রাজনৈতিক দলের প্রশাসনিক শাখায় পরিণত হবে না।
· রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনো একক দলের সম্পত্তি হবে না।
· বিরোধী মত ও রাজনৈতিক সংখ্যালঘুর অধিকার থাকবে।
· জনগণের পরিষদগুলো নিয়মিত নির্বাচন, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পরিচালিত হবে।
শ্রমিকশ্রেণির রাজনৈতিক নেতৃত্বের প্রশ্ন এবং রাষ্ট্রের বহুত্ববাদী গণতান্ত্রিক চরিত্রের প্রশ্নকে পরস্পরবিরোধী হিসেবে দেখা উচিত নয়।
বিকল্প রাষ্ট্রকাঠামো গঠনের ঐতিহাসিক প্রক্রিয়াঃ
এই কাঠামো কোনো প্রশাসনিক প্রকৌশল নয়, যা একটি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে হঠাৎ প্রতিষ্ঠা করা সম্ভব। এর ভিত্তি গড়ে উঠবে দীর্ঘমেয়াদি শ্রেণিসংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে।
প্রথম পর্যায়ে শ্রমিক, কৃষক ও অন্যান্য শ্রমজীবী মানুষের স্বাধীন সংগঠন এবং পারস্পরিক সংহতি গড়ে তুলতে হবে।
দ্বিতীয় পর্যায়ে কর্মক্ষেত্র, গ্রাম, মহল্লা ও স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক পরিষদ, শ্রমিক পরিষদ ও কৃষক পরিষদের মতো প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে।
তৃতীয় পর্যায়ে এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের কাঠামো তৈরি হবে।
চতুর্থ পর্যায়ে জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক সম্মতির ভিত্তিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন করা যেতে পারে।
এই প্রক্রিয়ায় সর্বজনীন ভোটাধিকার, গণতান্ত্রিক স্বাধীনতা, শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণ এবং আইনের শাসন বজায় রাখা অপরিহার্য।
রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ঐতিহাসিক লক্ষ্যঃ
মার্ক্সবাদী রাষ্ট্রতত্ত্বের চূড়ান্ত লক্ষ্য হলো শ্রেণিবিভক্ত সমাজের অবসান এবং এমন এক সামাজিক অবস্থার বিকাশ, যেখানে রাষ্ট্র তার বর্তমান শ্রেণি-আধিপত্যমূলক চরিত্র হারাবে। এটি কোনো তাৎক্ষণিক প্রশাসনিক পরিবর্তন নয়। এর জন্য প্রয়োজন উৎপাদনের সামাজিকীকরণ, শ্রেণিবৈষম্যের অবসান, মানুষের বস্তুগত নিরাপত্তা এবং সামাজিক সহযোগিতার বিকাশ। লেনিনও রাষ্ট্রের বিলুপ্তিকে তাৎক্ষণিক ঘটনা হিসেবে দেখেননি; তিনি একে শ্রেণিহীন সমাজের দিকে ঐতিহাসিক রূপান্তরের সঙ্গে যুক্ত করেছেন।
বাংলাদেশের ক্ষেত্রে এই দীর্ঘমেয়াদি লক্ষ্যকে সামনে রেখে বর্তমান কর্মসূচির কেন্দ্রবিন্দু হওয়া উচিত জনগণের গণতান্ত্রিক ক্ষমতায়ন, অর্থনৈতিক সার্বভৌমত্ব, সামাজিক ন্যায়বিচার এবং উৎপাদনব্যবস্থায় জনগণের অংশগ্রহণ।
রাষ্ট্র জনগণের, ক্ষমতাও জনগণেরঃ
এই আলোচনার সারকথা হলো, Neoliberal বিশ্বব্যবস্থার বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্বের সংগ্রামকে শুধু অর্থনৈতিক নীতির পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। এর সঙ্গে রাষ্ট্রের শ্রেণিগত চরিত্র ও ক্ষমতার কাঠামোর প্রশ্নও যুক্ত করতে হবে। যে রাষ্ট্রে শ্রমিক উৎপাদন করে কিন্তু উৎপাদন ও নীতিনির্ধারণে তার কার্যকর অধিকার নেই, যে রাষ্ট্রে কৃষক খাদ্য উৎপাদন করে কিন্তু খাদ্যব্যবস্থা ও বাজারের ওপর তার নিয়ন্ত্রণ নেই, যে রাষ্ট্রে জনগণ কর দেয় কিন্তু বাজেট ও জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় তাদের প্রত্যক্ষ ভূমিকা নেই—সেই রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে আরও গভীর ও কার্যকর করার প্রয়োজন রয়েছে। তাই বিকল্প চিন্তা হবে এমন একটি রাষ্ট্রকাঠামো, যেখানে জনগণের সংগঠিত ক্ষমতা রাষ্ট্রের ভিত্তি হিসেবে কাজ করবে। শ্রমিক, কৃষক ও অন্যান্য শ্রমজীবী মানুষ হবে এই কাঠামোর প্রধান সামাজিক ভিত্তি। জাতীয় উৎপাদনের বিকাশে আগ্রহী অন্যান্য শক্তির সঙ্গে থাকবে কর্মসূচিভিত্তিক ঐক্য। নির্বাচিত জাতীয় প্রতিষ্ঠান ও জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পরিষদের মধ্যে থাকবে সাংবিধানিক সমন্বয়। এখানে রাষ্ট্র কোনো দলের একচ্ছত্র সম্পত্তি হবে না। রাষ্ট্র হবে জনগণের গণতান্ত্রিক অধিকার ও সামাজিক মুক্তির প্রাতিষ্ঠানিক ক্ষেত্র। এই চিন্তার কেন্দ্রে থাকবে একটি মৌলিক উপলব্ধি:
জনগণের মুক্তি শুধু রাষ্ট্রক্ষমতার পরিবর্তন নয়; জনগণকে রাষ্ট্রক্ষমতার প্রকৃত অংশীদার ও নিয়ন্ত্রকে পরিণত করার ঐতিহাসিক প্রক্রিয়া।
আর এই প্রক্রিয়ার সামাজিক চালিকাশক্তি হবে শ্রমিক-কৃষকসহ সকল শোষিত ও নিপীড়িত মানুষের ঐক্যবদ্ধ গণতান্ত্রিক সংগ্রাম।
জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতে জনগণের ক্ষমতা, উৎপাদনের ওপর সামাজিক অধিকার এবং গণতান্ত্রিক রাষ্ট্রের পুনর্গঠন—এই তিনের সমন্বয়ই হতে পারে বাংলাদেশের বিকল্প রাষ্ট্রকাঠামো নির্মাণের বৈজ্ঞানিক ও সুসঙ্গত চিন্তার ভিত্তি।